৩ যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি রোহিঙ্গা সন্ত্রাসীদের
কক্সবাজারের টেকনাফে আশ্রয় পাওয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহরণ হওয়া তিন যুবককে গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র্যাব। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে গেছে অপহরণকারী দলের সদস্যরা।
রোববার দুপুরের দিকে তিন বাংলাদেশি যুবককে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (পুলিশ সুপার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
উদ্ধার হওয়া ৩ যুবক হচ্ছেন নোয়াখালী হাতিয়া এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম, নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার আল আমিন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার মো.মুক্তার হোসেন মৃধা।
.png)
ওই র্যাব কর্মকর্তা আরো জানান, বসতবাড়ির নির্মাণ কাজ দেওয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর এই তিন বাংলাদেশি যুবককে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এরপর ফোন করে তিন যুবককের স্বজন থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছিল।
বিষয়টি র্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম। সেই তথ্য অনুযায়ী, র্যাবের একটি আভিযানিক দল শনিবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে অপহৃত তিন যুবককে উদ্ধার করে র্যাব।
এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেছেন। অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে অভিযান র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।