ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২১
কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন
মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে সাত ফুট দৈর্ঘ্যরে একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন। বুধবার ভোরে দ্বিতীয় ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরে সংগঠনটির প্রধানকে বিষয়টি জানান তিনি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, সকালে গঙ্গামতি যাচ্ছিলাম। পথে ঝাউবন এলাকায় মৃত ডলফিনটি দেখে সংগঠনটির প্রধানকে জানানো হয়। ৮-১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত করলে এর মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয় জেলে রফিকুল ইসলাম জানান, রাতের জোয়ারে ডলফিনটি সৈকতে ভেসে আসতে পারে। দেখে মনে হচ্ছে সমুদ্রে মাছ ধরার জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে। কারণ এর মাথায় ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

ডলফিন রক্ষা কমিটির প্রধান রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটা সৈকত ও এর আশপাশে চলতি বছরে ২২টি মৃত ডলফিন এলো। এ নিয়ে বনবিভাগ ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে। কী কারণে এসব ডলফিন মারা যাচ্ছে এর সঠিক কারণ বের করার আশ্বাস দিয়েছেন তারা। একই সঙ্গে ডলফিন সংরক্ষণে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।

পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, কুয়াকাটা রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য কিছু অংশ রেখে ডলফিনটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!