ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হোটেলের ফ্রিজ খুলতেই মিলল ২০০ পাখির মাংস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২১
হোটেলের ফ্রিজ খুলতেই মিলল ২০০ পাখির মাংস
উদ্ধার করা পাখির মাংস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই শতাধিক পাখির মাংস রাখার অভিযোগে এক হোটেল ম্যানেজারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার কানসাট বাজারের পুরনো ব্রিজ এলাকার শরিফা হোটেলে এ অভিযান চালানো হয়। দণ্ডিত ম্যানেজারের নাম জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহুল আমিন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালায় রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ সময় হোটেলের ফ্রিজে থাকা ২০০টি ও রান্না করা ১০টি পাখির মাংস এবং জীবিত দুটি তিলা ঘুঘু পাখি উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেরোসিন ঢেলে এসব পাখি মাটিতে পুঁতে ফেলা হয়। জীবিত দুটি পাখিকে খোলা আকাশে অবমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে শরিফা হোটেলে প্রকাশ্যে পাখির মাংস বিক্রি করা হতো। এমনকি দূরদূরান্ত থেকে রান্না করা পাখির মাংস খেতে আসতেন অনেকেই। হোটেলে অভিযান চালিয়ে ১০টি রান্না করা ও দুটি জীবিত পাখি পাওয়া যায়। হোটেলের ফ্রিজ খুলে পাওয়া যায় আরো ২০০টি পাখির মাংস।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!