ভৈরবে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এসে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ভৈরব স্টেশনে ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে ও কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগার সিন্দুর এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে আটকে পড়ায় দুর্ভোগে হাজারও যাত্রী।
জানা যায়, সকাল ৭টা ২০ মিনিটে নাসিরাবাদ এক্সপ্রেস মেইল ট্রেন ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে প্রবেশের সময় আউটার সিগন্যাল পয়েন্টের তাতারকান্দি এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এসময় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
.png)

নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানায়, প্রায় দুপুর দেড়টায় দিকে নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনের প্রবেশের সময় বিকট শব্দ হয়। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে ট্রেনে থাকা পরিচালক চালকের মাধ্যমে ট্রেনটি থামিয়ে দেয়। পরে দুঘর্টনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করতে বিকেল চারটায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ভৈরবে আসে। এখনো উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে।

ট্রেনের পরিচালক অনিক জানান, ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনটি ঢোকার সময় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির সামনের থলির চার চাকা হঠাৎ করে পড়ে গেলে গাড়ির চালকের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়। ঊর্ধতন কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আর ট্রেনের কোনো যাত্রী আহত হয়নি

ভৈরব উপসহকারী প্রকৌশলী জিসান দত্ত জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ আজ দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার এলাকার ২১ নম্বর পয়েন্টে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। আমাদের আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসেছে। আর কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি।