হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় জেলার বাহুবল ও আজমিরীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজমিরীগঞ্জের পশ্চিমবাগ গ্রামের জাহানারা বেগম (৬৫) এবং বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে সোয়েব (৮)। এর মধ্যে সোয়েব স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন জাহানারা নামে ওই নারী। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন দুপুরে বাহুবলের দিগাম্বর বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক তার মায়ের সঙ্গে পার হচ্ছিল স্কুলছাত্র সোয়েব। এ সময় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসচাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতকবাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।
.png)
আজমিরীগঞ্জ থানার (ওসি) নুরুল ইসলাম ও বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল হাসান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।