ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৫, ৮ অক্টোবর ২০২১
চাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
চাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

চাঁদপুর শহরের উকিলপাড়া এলাকায় চাঁদপুর আল-আমিন হাসপাতাল (প্রা.) লি. এ ভুল চিকিৎসায় রাহিমা বেগম (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রসূতির মৃত্যু হয়। তবে মা মারা গেলেও সিজারের মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। ঘটনার পরপর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

নিহত রাহিমা বেগম সদর উপজেলার চান্দ্রা ইউপির আখনের হাট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী। 

Advertisement

মনির হোসেন জানান, রাহিমা ২ বছর ধরে ডা. শামসুন্নাহার তানিয়ার তত্ত্বাবধানে ছিল। রাহিমার সিজার করেন গাইনী ডা. শামসুন্নাহার তানিয়া ও এনেসথ্যাসিয়া করেন ডা. জাহাঙ্গীর হোসেন। পরীক্ষা নিরিক্ষা শেষে চিকিৎসকের কথা অনুযায়ী ৭ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর আল-আমিন হাসপাতালে ভর্তি করা হয়। ৮ অক্টোবর দুপুরে হাসপাতালে সিজারের জন্য ওটিতে নেওয়া হয়। কিছুক্ষণ পর ওটি থেকে কন্যা সন্তান হয়েছে বলে জানানো হয়। তবে প্রায় ১ ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও আমার স্ত্রী কেমন আছে জানায়নি। পরে জোর করে ওটিতে প্রবেশ করি। তখন আমাকে বলা হয় আমার স্ত্রী মারা গেছেন। সিজার করে ডা. তানিয়া চলে গেলেও হাসপাতালের কেউ মৃত্যুর বিষয়ে আমাদের কিছু জানায়নি। 

প্রসূতির শ্বাশুড়ি রহিমা বেগম জানান, ডা. তানিয়া রাহিমারে মেরে ফেলছে। সে খুনি। 

প্রসূতির বাবা জয়নাল গাজী জানান, ৪ বছর আগে পারিবারিকভাবে মনির হোসেনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও ডা. তানিয়ার ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। মেয়ে হত্যার বিচার চাই। 
 
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানায়, ঘটনার অনেক পরে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং কাগজপত্র পর্যালোচনা করেছি। তবে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ডা. শামসুন্নাহার তানিয়ার ব্যবহ্নত মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!