বিয়ের দিন প্রেমিকার বাড়ি গিয়ে বিষপান করল যুবক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দিন প্রেমিকার বাড়ি গিয়ে বিষপান করেছেন আহসান মিয়া নামে এক যুবক। রোববার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহসান উপজেলার বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আহসান মিয়ার সঙ্গে একই উপজেলার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তরুণীর পরিবার জানতে পেরে আহসানকে সতর্ক করে। তারপরও চলতে থাকে তাদের প্রেম। এই অবস্থায় আহসানের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে তরুণীর পরিবার।
.png)
এরই মাঝে ওই তরুণীর বিয়ে ঠিক করে তার পরিবার। সেই মোতাবেক রোববার বিয়ের দিন ধার্য করা হয় এবং চলে বিয়ের আয়োজন। এই খবর জানতে পেরে দুপুরে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিষপান করেন আহসান।
পরে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিবারের লোকজন তাকে তার ফুফাতো বোনের বাড়ির সামনে রাস্তায় ফেলে চলে আসে। আহসানের এমন অবস্থা দেখে তার বোন বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন আহসানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে বিয়ে বাড়িতে এমন অবস্থা তৈরি হলে তরুণীর পরিবার সন্ধ্যার পর বিয়ে শেষ করে বরের হাতে মেয়েকে তুলে দেয়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।