ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২৬ অক্টোবর ২০২১
সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যায় দুইজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত

সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলছাত্রী সুরাইয়া খাতুন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জের মোতালেব হোসেন। তাদের মধ্যে মোতালেব হোসেন মামলার পর থেকেই পলাতক।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে কাজ করতেন। ঐ সময় স্কুলছাত্রী সুরাইয়ার সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে সুরাইয়াকে হত্যার পরিকল্পনা করে শরিফুলের ভাই শফিকুল ইসলাম। সে মোতালেবকে হত্যার কাজে নিযুক্ত করে। ২০০২ সালের ৬ জুলাই রাতে সুরাইয়ার ঘরে ঢুকে তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে মোতালেব ও শফিকুল ইসলাম। ঐ সময় সুরাইয়ার চিৎকারে বিষয়টি টের পান তার বড় বোন শম্পা খাতুন। তিনি হত্যাকারী মোতালেবকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন।

ঐ ঘটনায় নিহত সুরাইয়ার বাবা মেনহাজ উদ্দিন বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা করেন। সে মামলায় দীর্ঘ বিচারকাজ ও ১৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে দুই হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!