নিহত তৌহিদুল ইসলাম জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী, তার বড় ভাই ফিরোজ মোর্শেদ গাজীপুরের ডিবিএল সিরামিকসের কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কাজীর শিমলা এলাকায় মোটরসাইকেল আরোহী দুই ভাইকে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
.png)
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফিরোজ মোর্শেদ গাজীপুরে চাকরি করতেন। তার ছোট ভাই জিহাদ বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে মোটরসাইকেলে গাজীপুরের নয়নপুর থেকে নিজ গ্রাম জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।