ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে নকল সোনার বারসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৬ নভেম্বর ২০২১
টেকনাফে নকল সোনার বারসহ রোহিঙ্গা নারী আটক
আটককৃত রোহিঙ্গা নারী ও উদ্ধারকৃত নকল সোনার বার

কক্সবাজারের টেকনাফে ছয়টি নকল সোনার বারসহ রেশমি আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার বিকেলে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রেশমি আক্তার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের জগরী প্রকাশ জাকারিয়ার স্ত্রী।

কক্সবাজার র‍্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘড়িয়া নয়াবাজারের তারেকুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার অভিযোগ করেন যে, তিনি গত ২৩ অক্টোবর সিএনজি অটোরিকশায় হ্নীলা থেকে খারাংখালী যাচ্ছিলেন। ঐ সময় সিএনজিতে থাকা প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু সোনার বার দেখায় এবং সেগুলো তারা বিক্রয় করবে বলে জানায়। এক পর্যায়ে তাদের প্রলোভনে সেগুলো কিনতে রাজি হন নাজমা। এমনকি সঙ্গে থাকা টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামালও তাদেরকে দিয়ে দেন।

ভুক্তভোগী নাজমা আক্তারের অভিযোগ- খারাংখালী বাজারের কাছাকাছি এসে প্রতারক চক্রের সদস্যরা সিএনজিটি থামিয়ে তাকে নামিয়ে দেয়। ঐ সময় তারা সোনার বারগুলো না দিয়ে তার মূল্যবান মালামাল নিয়ে যায় এবং ভয়ভীতি দেখায়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযোগকারী নারীকে নিয়ে মৌলভীবাজার পাকা রাস্তায় গেলে অভিযুক্তদের একটি সিএনজিতে বসে থাকতে দেখা যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। পরে ঐ নারীর শরীর ও ব্যাগ তল্লাশি করে ছয়টি নকল সোনার বার ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গা নারী জানায়। পরে উদ্ধারকৃত নকল সোনার বারসহ ঐ রোহিঙ্গা নারী ও প্রতারক চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমকেএ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!