শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফ দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে।
আটককৃত বাসচালক খোকন মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ঘটনার শিকার ওই ছাত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের ছাত্রী।
.png)
এসব বিষয়ে কলেজছাত্রী জানান, সকালে ধামরাই থানা রোড থেকে মানিকগঞ্জে যাবার উদ্দেশ্যে কালামপুর এন্টার প্রাইজের একটি গাড়িতে উঠেন।কিছুদূর আসার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে চালক বাধা দেন। এভাবে গাড়িটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে বাসচালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বাসচালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি। পরে এক প্রাইভেটকার চালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করেন। পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালককে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই বাসটিও আটক করা হয়েছে।
সাটুরিয়া থানার আশরাফুল আলম বলেন, চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হবে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে।