ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিকটক ভিডিও নিয়ে লাশ মিলল তরুণের, চিরকুটে লেখা ৮ নাম

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ৯ নভেম্বর ২০২১
টিকটক ভিডিও নিয়ে লাশ মিলল তরুণের, চিরকুটে লেখা ৮ নাম
ইমরান

ফেনীর সোনাগাজীতে ইমরান হোসেন নামে ১৮ বছর বয়সী এক তরুণ আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার আগে তিনি নিজের মৃত্যুর জন্য আটজনকে দায়ী করে গেছেন।

রোববার রাতে উপজেলার পশ্চিম চরদরবেশ এলাকা থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইমরান পশ্চিম চরদরবেশ এলাকার মো. মাইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি শখ করে টিকটক ভিডিও করতেন।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য পলান উদ্দিন বলেন, কয়েকদিন আগে আদর্শগ্রাম এলাকার মুছাপুর সড়কে টিকটক করছিলেন এমরান। ওই সময় স্থানীয় এক মেয়ের ছবি ভিডিওতে চলে আসে। এ নিয়ে ইমরানকে মারধর করেন মেয়েটির ভাইসহ সাত-আটজন। ইমরান তাদের কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন। এরপর রোববার সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজ পড়তে গেলে ফের তাকে হুমকি-ধমকি দেওয়া হয়। এসব ঘটনায় ইমরান আত্মহত্যা করেছেন।

ইমরানের বাবা মাঈন উদ্দিন বলেন, আমার ছেলে অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তার বিছানার নিচে আমরা ‘সুইসাইড নোট’ পেয়েছি। সেখানে ইমরান তার মৃত্যুর জন্য আটজনকে দায়ী করে গেছে। সে সুইসাইড নোট পুলিশকে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে হত্যা মামলা করব।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, সুইসাইডের লেখাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সেখানে থাকা নামগুলোর বিষয়েও আমরা খোঁজখবর নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!