পুলিশের কোলে চড়ে ভোট দিলেন জলিল
৭০ বছর বয়সী আব্দুল জলিল। প্যারালাইজডের কারণে দুই বছর ধরে হাঁটতে পারছেন না। তবু পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভ্যানে চেপে ভোটকেন্দ্রে আসেন। কেন্দ্রে এলেও বুথে যাওয়ার কোনো উপায় পাচ্ছিলেন না। তাই ভ্যানেই বসেছিলেন। বিষয়টি নজরে আসে দুই পুলিশ সদস্যের। এরপর আব্দুল জলিলকে কোলে করে বুথ পর্যন্ত নিয়ে যান তারা।
বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে চলমান ইউপি নির্বাচনে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামার পুকুর কেন্দ্রে পুলিশের এমন মানবিকতা চোখে পড়ে। এ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন হাইওয়ে পুলিশ কনস্টেবল রাসেল মাহমুদ ও রফিকুল ইসলাম বাবু।
অসুস্থ বৃদ্ধ আব্দুল জলিল বলেন, আমি প্যারালাইজড বলে হাঁটতে পারি না। তাই ভ্যান থেকে নেমে বুথের ভবনে ঢুকতে পারছিলাম না। অনেকটা সময় বসেছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। এ অবস্থায় আমি হয়তো হতাশ হয়ে ফিরে যেতাম। কিন্তু আমাকে ভোট দিতে সহযোগিতা করেন মানবিক ওই দুই পুলিশ সদস্য।
.png)
কনস্টেবল রাসেল বলেন, আমি বেশ কিছুক্ষণ লক্ষ্য করছিলাম ওই বৃদ্ধ ভ্যানে বসে ভোটকেন্দ্রের দরজার দিকে তাকিয়ে আছেন। তখন তার কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করি।
পুলিশের ভূমিকার প্রশংসা করে কামার পুকুর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামসুজ্জামান বলেন, ভোটকেন্দ্রে অনেক সময় এমন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা আসেন। তাদের সহযোগিতা করার জন্যে নির্দিষ্ট কেউ থাকে না। এক্ষেত্রে অনেক সময় আমরাই সহযোগিতা করার চেষ্টা করি। বৃদ্ধের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।