ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইকোপার্কে মিলল হরিণ কুমির ক্যাঙ্গারুর চামড়া

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১৫ নভেম্বর ২০২১
ইকোপার্কে মিলল হরিণ কুমির ক্যাঙ্গারুর চামড়া
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রনজিৎপুরের চন্দ্রমহল ইকোপার্কে অভিযান চালিয়ে বন্যপ্রাণীর চামড়া ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব-৬ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এসময় ৬টি হরিণের চামড়া, ১টি ভাল্লুকের চামড়া, ১টি কুমিরের চামড়া, ১টি ক্যাঙ্গারুর চামড়া, ১টি তিমির কংকাল, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু, ৬টি হরিণের শিং, ৬টি উটপাখি, ১টি ময়ূর, ২টি মাছরাঙা, ৭টি বক, ৫টি বানর ও দুটি কচ্ছপ উদ্ধার করা হয়।

Advertisement

অবৈধভাবে বন্যপ্রাণীর চামড়া ও বন্যপ্রাণী মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী।

জানা যায়, চামড়া ও বন্যপ্রাণীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। নগদ ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ায় পার্কের ম্যানেজার মো. মহব্বর আলী চাকলাদারকে ছেড়ে দেওয়া হয়।

র‌্যাব-৬-এর এসপি মো. মাফুজুর রহমান বলেন, পার্ক কর্তৃপক্ষ অবৈধ উপায়ে এসব প্রাণী ও চামড়া মজুত করেছেন। তারা এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!