ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে তোলা হলো গৃহবধূর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ১৫ নভেম্বর ২০২১
দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে তোলা হলো গৃহবধূর লাশ
ইনসেটে কলি আক্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে কলি আক্তার নামে এক গৃহবধূর লাশ তোলা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার বার্মাস্ট্যান্ড এলাকার একটি কবরস্থান থেকে লাশটি তোলা হয়। নিহত ২৫ বছর বয়সী কলি একই এলাকার স্বপন প্রধানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ৩০ অক্টোবর কলির অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঘটনার পরদিন দুপুরে তাকে দাফন করা হয়। পরবর্তীতে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন- এমন অভিযোগ এনে আদালতে আবেদন করেন স্বজনরা।

Advertisement

অভিযোগ আমলে নিয়ে রোববার কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেয় আদালত। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে ও পুলিশের সহায়তায় লাশটি উত্তোলন করা হয়। পরে ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত কলি আক্তারের মামা পলাশ মিয়া বলেন, কলির মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার মা। এজন্য তখন কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। পরবর্তীতে কলির স্বামী স্বপনের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। তিনি কলির মৃত্যু নিয়ে নানা অপপ্রচার চালান। এতে কলির মা ও তার আত্মীয়-স্বজনদের মধ্যে সন্দেহ বাড়ে। পরে তারা আদালতে অভিযোগ করেন কলি হত্যার শিকার হয়েছেন। বিষয়টি আমলে নিয়ে রোববার কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেয় আদালত।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!