ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপূর্ণ বয়সেই একসঙ্গে জন্ম নিল তিন ভাই

রংপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৪৭, ১৯ নভেম্বর ২০২১
অপূর্ণ বয়সেই একসঙ্গে জন্ম নিল তিন ভাই
একসঙ্গে জন্ম নেয়া তিন ভাই

রংপুরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহানা পারভিন নামে এক গৃহবধূ। অপূর্ণ বয়সেই সিজারের মাধ্যমে জন্ম নেয়া নবজাতকদের ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক। তিন সন্তান জন্মের পর পরিবারের সদস্যরা খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিশুদের পিতা।

প্রসূতি সোহানা পারভিন মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট পিয়ার এলাকার বাদল মিয়ার স্ত্রী।

সোহানার স্বজনরা জানিয়েছেন, ওই গৃহবধূর ১২ বছরের একটি ছেলে ও ছয় বছরের একটি মেয়ে রয়েছে। এর মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় পর জানতে পারেন তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সোহানাকে বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

Advertisement

হাসপাতালের চিকিৎসক ডা. তুলি রহমান বলেন, অপূর্ণ বয়সেই সিজারের মাধ্যমে সন্তান তিনটির জন্ম হয়েছে। মা ভালো থাকলেও নবজাতকরা আশঙ্কামুক্ত নন। এ জন্য ৭২ ঘণ্টা না গেলে নবজাতকদের আশঙ্কামুক্ত বলা যাবে না।

পারিবারিক সূত্র জানায়, স্নাতক পাস করার পর একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টিভের চাকরি করতেন নবজাতকদের বাবা বাদল মিয়া। এখন একটি ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করছেন। নবজাতকদের চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য তার নেই।

সোহানা পারভিনের স্বামী বাদল মিয়া বলেন, তিন সন্তান জন্মের পর খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। সন্তানদের চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নেই। একটি ভালো চাকরি হলে তাদের চিকিৎসা ও সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে পারতাম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!