ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি অবস্থান করছেন। একদিকে জনবল সংকট অপর দিকে বন্দির সংখ্যা দ্বিগুণ সব মিলিয়ে কারাগারের সার্বিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, কুমিল্লা কারাগারে বন্দির মোট ধারণ ক্ষমতা হলো ১ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৭০৬ জন, নারী ৩৬ জন। কিন্তু কারাগারে বর্তমানে অবস্থান করছে ৩ হাজার ১৯৪ জন। তারমধ্যে পুরুষ ৩ হাজার ৫১ জন ও নারী রয়েছেন ১৪৩ জন। বিদেশি বন্দি রয়েছেন ৯ জন। বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে বর্তমানে ১ হাজার ৪৫২ জন বন্দি রয়েছে।
কারা সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৩ হাজার ১৯৪ জন বন্দির মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দি হলো ৯৩ জন তবে ডিভিশন প্রাপ্ত কোনো বন্দি নেই এখানে। ১৩ জন নারীসহ সশ্রম বন্দি ৪০৩, বিনাশ্রম বন্দি ১১ জন নারীসহ ২০৩ জন, বিচারধীন বন্দি ১১৪ জন নারীসহ ২ হাজার ৪৯২ জন আর আরপি বন্দি হলো ৩ জন। এ বন্দিদের মধ্যে রয়েছে, জে,এম বি ১৬, আনসার আল ইসলাম ১, মায়ের সঙ্গে ৮ জন মেয়ে শিশুসহ শিশু ২০ জন। যাবজ্জীবনপ্রাপ্ত বন্দি হলো ১২ জন নারীসহ ২৭০ জন।
ধারণ ক্ষমতার চাইতে অধিক বন্দি নিয়ে কীভাবে কার্যসম্পাদন করেন জানতে চাইলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান বলেন, এক দিকে বন্দি বেশি অপর দিকে কিছু পদ খালিও আছে। সমস্যা তো কিছুটা হবেই। তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন মহল অবগত আছে।