জুতার ভেতর ১০৪ ভরি ওজনের স্বর্ণের বার, অবশেষে ধরা
চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১০৪ ভরি ওজনের স্বর্ণের বারসহ আন্তজেলা স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য শুপ্লব ধরকে আটক করেছে পুলিশ। আটককৃত স্বর্ণের অনুমানিক মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার টাকা।
শনিবার দুপুরে পুলিশ তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেশন থেকে তাকে আটক করা হয়।
আটক শুপ্লব চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর বনিক পাড়ার অজিত ধরের ছেলে।
.png)
রেলওয়ে থানার এসআই রাজেন্দ্র প্রসাদ দাস ও এএসআই আসাদুজ্জামান অভিযানে অংশগ্রহণ করেন।
রেলওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের স্টেশনে দুপুরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানার ওসির সন্দেহ হয়। পরে তাকে চোখে চোখে রেখে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে নিয়ে আসে। এরপর শুপ্লব ধরের শরীর তল্লাশি চালিয়ে তার পায়ে থাকা জুতার ভেতর থেকে প্লাস্টিকের মধ্যে টেপ পেঁচানো অবস্থায় দু’টি স্বর্ণের ভার আটক করে এবং চোরাচালান চক্রের সক্রিয় সদস্য শুপ্লব ধরকে আটক করেন।
আটক শুপ্লব জানান, তিনি চট্রগ্রাম হাজারি গল্লী থেকে স্বর্ণের ভার দু’টি নিয়ে ঢাকা তাঁতী বাজার যাচ্ছিলেন।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ওসি মুরাদ উল্যাহ্ বাহার বলেন, আটক শুপ্লব ধরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটককৃত স্বর্ণের বারসহ তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বের করা ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।