বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, বিকেলে মির্জারপুল এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেফতার তিনজন হলেন- ওয়াহেদুল আলম, মোহাম্মদ টিপু ও নয়ন দাশ।
আহত যুবকের নাম আরিফ হোসেন। তিনি পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার আমির হামজার ছেলে।
.png)
আহত আরিফের ভাই কামাল হোসেন জানান, বুধবার বিকেলে দলবল নিয়ে মির্জারপুল এলাকায় যান ওয়াহেদুল। তারা ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন।
ওই সময় আরিফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন ওয়াহেদুল। একপর্যায়ে রামদা নিয়ে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেন।
পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।
এদিকে, এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, কালো শার্ট পরিহিত এক যুবককে রামদা নিয়ে ধাওয়া করেন সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি। একপর্যায়ে ওই যুবক মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন পাঞ্জাবি পরিহিত ব্যক্তি। কোপানোর পাশাপাশি খুঁটির পাশের ইটের স্তূপ থেকে ইট নিয়ে ওই যুবকের গায়ে আঘাত করেন। মিনিট দুয়েক পর হামলাকারী পালিয়ে গেলে আশপাশের লোকজন আহত যুবকের দিকে এগিয়ে যান।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) ছাদেকুর রহমান বলেন, ঘটনার পরপর চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর ভাই। এরপর রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করা হলে রোববার শুনানির দিন ধার্য করেন বিচারক।