ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

পাবনায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২ ডিসেম্বর ২০২১
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
ভেঙেছে মালবাহী ট্রেনের চাকার স্প্রিং, কাত হয়ে আছে বগি

দিনাজপুরের পর এবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী একটি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারি শফিউল আলম।

তিনি বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদী যাচ্ছিল। বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি কাত হয়ে আছে। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙে গেছে। আমরা তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।

Advertisement

শফিউল আলম বলেন, উদ্ধারকারী ট্রেনটি এখনো আসেনি। উদ্ধারকারী ট্রেন আসার পর বগি দুটি উদ্ধারের চেষ্টা করা হবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। দ্রুত উদ্ধার কাজ শুরু হবে।

এর আগে, দুপুরে লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের একটি বগি দিনাজপুরের পার্বতীপুরে লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!