[ দেশজুড়ে ]
ফোন পেয়ে বের হলেন অটো নিয়ে, এক ঘণ্টা পর লাশ হয়ে ঝুললেন গাছে
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডার শ্মশানঘাট এলাকায় তিতাস নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ২৫ বছর বয়সী অটোচালক মোফাসসেল বাবুর বাড়ি জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি শহরের মেড্ডা এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।
পরিবারের সদস্যরা জানান, ফজর নামাজের সময় মোফাসসেলকে একজন কল করেন। পরে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এর ঘণ্টাখানেক পর মেড্ডার শ্মশানঘাটের একটি কড়ইগাছের সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পাশেই অটোরিকশাটি ছিল। মোফাসসেলকে ডেকে নিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি নিহতের ভাইয়ের।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!