ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় দুই হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ৫ ডিসেম্বর ২০২১
কুষ্টিয়ায় দুই হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন 
জেলা জজ আদালত, কুষ্টিয়া: ফাইল ফটো

কুষ্টিয়ায় মাদক মামলায় টুটুল ও ডাবলু নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উপজেলা বাজারপাড়া এলাকার জেনু বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল এবং একই উপজেলার হাসপাতাল পাড়া এলাকার আনসার আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম ডাবলু। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। 

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে মোস্তাফিজুর রহমান টুটুলের কাছে থেকে ৫০ গ্রাম হেরোইন এবং আরিফুল ইসলাম ডাবলুর কাছে থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।

আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ১(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় টুটুল ও ডাবলু নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!