সিনহা হত্যা মামলা: যুক্তি-তর্ক ৯-১২ জানুয়ারি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আগামি ৯ থেকে ১২ জানুয়ারি সময় ধার্য্য করেছেন আদালত।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামির বক্তব্য গ্রহণ শেষে এ সময় নির্ধারণ করেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, ১৫ আসামি তাদের বক্তব্য লিখিতভাবে আদালতে জমা দিয়েছেন। আদালত তাদের সঙ্গে আলাপ করেছেন। কেউ সাফাই সাক্ষী দিতে রাজী হননি। কার্যবিধি ৩৪২ ধারায় আসামির বক্তব্য গ্রহণ শেষ হওয়ায় যুক্তি-তর্কের দিন ধার্য্য করেছে। যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণা হবে বলে জানান তিনি।
.png)
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই কার্যক্রম শুরু হয়। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত চলে কার্যক্রম।
গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এরপর ৬ ও ৭ ডিসেম্বর আসামিদের ৩৪২ ধারায় বক্তব্য গ্রহণ করা হয়।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।