ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোটার না হয়েও জনপ্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৩, ৮ ডিসেম্বর ২০২১
ভোটার না হয়েও জনপ্রতিনিধি
অভিযুক্ত মো. হাসান পাটোয়ারি

ভোটার না হয়েও গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. হাসান পাটোয়ারি নামে এক ব্যক্তি। মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচন শেষ হওয়ার পর থেকে এ নিয়ে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠে।

যদিও নির্বাচনের আগে তার বিরুদ্ধে কেউ নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেনি। এ ব্যাপারে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ স্থগিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন মোহাম্মদ হোসেন বাবুল নামে এক ভোটার। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়। 

তবে স্থানীয় সরকার আইনে বলা আছে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার জন্য ওই ওয়ার্ডের ভোটার হতে হয় এবং ওই ওয়ার্ডের ভোটার কি না তা নির্বাচন অফিস থেকে যাচাই-বাছাই করার কথা। যদিও তারা তা করেনি বলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান একটি অভিযোগ পেয়েছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনওর নির্দেশনার কথা নিশ্চিত করে রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে যাচাই-বাছাইয়ে প্রার্থীদের কেউ অভিযোগ না দেওয়ায় ভোটার কোন ওয়ার্ডের তা সঠিকভাবে দেখা হয়নি। যার ফলে নোয়াগাঁও ইউপির ৬ নম্বর ওয়ার্ডে তথ্য গোপন করে প্রার্থী হন মো. হাসান পাটোয়ারি। তিনি বলেন, যেহেতু অভিযোগ এসেছে তিনি ওই ওয়ার্ডের ভোটার না, তদন্তে তথ্য গোপন করার বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে অভিযুক্ত হাসান পাটোয়ারির মুঠোফোনে সাংবাদিকরা ফোন দিয়ে বিষয়টি জিজ্ঞাসা করতেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!