ঘুরতে বেরিয়ে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পালালেন দ্বিতীয় স্বামী
গোপালগঞ্জে দ্বিতীয় স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে তাকে হাসপাতালে ফেলে পালিয়েছেন স্বামী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত রূপা বেগম গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার লুৎফর মোল্লার মেয়ে ও সদর উপজেলার ঘোষেরচর উত্তর পাড়া গ্রামের আজিমের স্ত্রী।
জানা গেছে, এক বছর আগে আজিমের সঙ্গে বিয়ে হয় রূপার। শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গেই রেলস্টেশনে ঘুরতে যান তিনি। সন্ধ্যার পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্বামী আজিম তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান রূপা বিষপান করেছেন। পরে তাকে ভর্তি করে পালিয়ে যান আজিম।
.png)
এদিকে খবর পেয়ে রূপার বাবার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে যান। সেখানে রূপার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রূপার বড় ভাই হাসান মোল্লা বলেন, আমার বোনের আগে একবার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামী অসুস্থ হয়ে মারা যায়। সেই ঘরে একটি ছেলে আছে। প্রথম পক্ষের স্বামীর প্রায় কয়েক লাখ টাকা ছিল রূপার কাছে। আজিম আমার বোনকে প্রতারণা করে বিয়ে করে। আজিমেরও আগে একটি বিয়ে হয়েছিল। তার প্রথম স্ত্রীর পক্ষে একটি সন্তান আছে। বিষয়টি গোপন রেখে বিয়ে করে।
তিনি আরো বলেন, আজিম শহরে ফলের ব্যবসা করত। পরিকল্পিতভাবে টাকা-পয়সা নিয়ে ঘোরার কথা বলে রূপাকে বিষপান করিয়ে হত্যা করেছে সে। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করেছি। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।