ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যা: তদন্ত সংস্থা বদলের আবেদনের শুনানি পেছাল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১২ ডিসেম্বর ২০২১
মিতু হত্যা: তদন্ত সংস্থা বদলের আবেদনের শুনানি পেছাল
সাবেক এসপি বাবুল আক্তার ও তার স্ত্রী মাহমুদা খানম মিতু

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের করা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তনের আবেদনের শুনানি পিছিয়েছে। রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মোহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বর্তমান তদন্তকারী সংস্থা পরিবর্তন করে মামলাটি সিআইডি বা র্যাব বা অন্য কোনো সংস্থাকে দেওয়ার আবেদনের শুনানির দিন ধার্য ছিল রোববার। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত।

এর আগে বাবুল আক্তারের করা এ মামলায় তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে মামলাটির অধিকতর তদন্তের আদেশ দেওয়া হয়।

Advertisement

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন তার স্বামী তৎকালীন এসপি বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!