ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ১৩ ডিসেম্বর ২০২১
খুলনায় মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
মহানগর দায়রা জজ আদালত, খুলনা-ফাইল ফটো

মাদক মামলায় খুলনার একটি আদালত তিনজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

সোমবার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর তালারপাড়া এলাকার নুরুল উদ্দিনের ছেলে রাজু আহমেদ ওরফে চুম্বক, একই এলাকার মিনহাজ উদ্দিন ছেলে মো. সাব্বির হোসেন ডিনার ও ওয়হিদের ছেলে মো. টিটোন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাত ৮ টা ২০ মিনিটের দিকে হোটেল ক্যাসল সালামের বিপরীতে কাশফুল পরিবহনের কাউন্টারের সামনে তিনজন ব্যক্তির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারা মাদক বিক্রির উদ্দেশ্যে খুলনায় এসেছিল। এ ব্যাপারে খুলনা থানার এএসআই আশরাফুল আলম বাদী হয়ে মাদক আইনে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তিনজন আসামি চুয়াডাঙ্গার আরো তিন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করে। তাদেরও এ মামলায় পরবর্তীতে গ্রেফতার করা হয়। একই বছরের ১১ মার্চ খুলনা থানার এসআই রাশেদুল ইসলাম ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!