ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভ্যাকসিনের আওতায় এলো কাশিমপুর কারাগারের বন্দিরা 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৩ ডিসেম্বর ২০২১
ভ্যাকসিনের আওতায় এলো কাশিমপুর কারাগারের বন্দিরা 
কাশিমপুর কারাগার-ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর বন্দি ও হাজতিদের এ টিকা দেওয়া হয়। 

আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সিভিল সার্জন  খায়রুজ্জামান, কারা হাসপাতালের চিকিৎসক (সহকারি সার্জন) সাদিয়া আফরিন তুলির উপস্থিতিতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, প্রথমবারের মতো কারাগারের ১ হাজার ৫০০ বন্দির মধ্যে ৪৬০ বন্দিকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। পরবর্তীতে এ কারাগারের সবাইকে করোনার টিকার আওতায় আনা হবে। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, একইদিন তার কারাগারের ২ হাজার ৯০০ বন্দির মধ্যে ৬০০ কয়েদি ও বন্দিকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বন্দিদেরও ভ্যাকসিন দেওয়া হবে।

সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, রোববার গাজীপুর জেলা কারাগারেও দুই হাজার ২৩২ বন্দিকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। রোববার পর্যন্ত গাজীপুরে পোশাক শ্রমিক এবং কলেজের শিক্ষার্থীসহ মোট ৩৩ লাখ ১৫ হাজার ৫৭৩ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ২১ লাখ ৪ হাজার ৬৭৩ জনকে প্রথম ডোজ এবং ১২ লাখ ১৩ হাজার ৩০০ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব কারাবন্দিকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশের সব নাগরিক ও বাসিন্দাদেরকে করোনাভ্যাকসিনের আওতায় আনতে চাচ্ছেন। তারই অংশ হিসেবে কারাবন্দিদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!