ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক হাজার টাকার জন্য শিশুকে হত্যা করে ফেলা হয় নদীতে 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৪, ১৪ ডিসেম্বর ২০২১
এক হাজার টাকার জন্য শিশুকে হত্যা করে ফেলা হয় নদীতে 
নিহত আব্দুল হাসিম মাহিম (ছবি: সংগৃহীত)

পাওনা এক হাজার টাকার জন্য দেনাদারের ছেলে আব্দুল হাসিম মাহিমকে  হত্যার পর হাত-পা বেঁধে মৃতদেহ গুম করতে মৌলভীবাজারের মনু নদীতে ফেলে দেয় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে পাওনাদার সাব্বির বক্স ।

আটক সাব্বির সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউপির সম্পাসী গ্রামের আবুল বক্সের ছেলে।

Advertisement

সোমবার রাতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত শিশুর বাবা বদরুল ইসলাম বাদী হয়ে এজহার দায়ের করলে জড়িত সন্দেহ তিনজনকে আটক করা হয়। এরমধ্যে সাব্বির বক্স জিজ্ঞাসাবাদে নিজেই হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।

তিনি আরও বলেন, মাত্র এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে করে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গলায় রশি প্যাঁচিয়ে হত্যা করে হাত-পা বেঁধে মৃতদেহ বস্তাবন্দি করে গুম করার উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয় সাব্বির।

এর আগের দিন রবিবার সাড়ে ১০টার দিকে মনু নদীর পূর্ব সম্পাশি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহিম রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বাসিন্দা বদরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শিশু মাহিম তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানা বাড়িতে বসবাস করত। শনিবার বিকালে বাড়ির পাশে খেলার মাঠ  হতে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, পাওনা টাকার জন্য শিশুটিকে হত্যা করে মনু নদীতে ফেলে দেয়। এ ঘটনায় মডেল থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!