ফেনীতে মাদক মামলায় রাজমিস্ত্রীর যাবজ্জীবন
ফেনীতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় কামরুল হাসান নামে এক রাজমিস্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফের আদালতে এ রায় ঘোষণা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া গ্রামের তনু মিয়ার ছেলে। রায় ঘোষণাকালে তিনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুলতান পুর সুইপার কলোনির সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন কামরুল হাসান। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই হাক্কানী বাদী হয়ে মামলা করেন।
.png)
একই বছরের ৩০ ডিসেম্বর এ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই মো. মাহবুবুর রহমান। ২০১৩ সালের ২৯ এপ্রিল এ মামলার চার্জ গঠন করে আদালত। পরে ৫ জনের সাক্ষ্য গ্রহণের পর যাবতীয় প্রক্রিয়া শেষে ৯ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।
আদালতের ব্যাঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।