বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল।
.png)
এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করতে থাকেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে থাপ্পড় মারেন।
এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তাকে উপস্থাপনের দায়িত্ব দেয়। একই সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রশাসনের একটি তালিকাও দেয়। ওই তালিকায় পৌরসভার নামটি ছিল ৫ নম্বরে। তালিকা অনুযায়ী তিনি নামগুলো ঘোষণা করছিলেন। ৫ নম্বরে পৌরসভার নাম ঘোষণার কারণে মেয়র প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সবার উপস্থিতিতে মেয়র তাকে থাপ্পড় মারেন। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফাকে লিখিতভাবে জানিয়েছেন।
এ ব্যাপারে কামরুন্নাহার শেফা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষা কর্মকর্তা উপস্থাপক ছিলেন। ওই সময় শহীদ মিনারের বেদিতে ছিলাম। নাম ঘোষণার সিরিয়াল নিয়ে মেয়র তাকে লাঞ্ছিত করেছেন। একজন মেয়র সরকারি কর্মকর্তার গায়ে এভাবে হাত তুলতে পারেন না। বিষয়টি কোনোভাবেই ঠিক হয়নি। এ ব্যাপারে ওই শিক্ষা কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’