শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত দানেজ আলী উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি মাছচাষি ছিলেন। এ ঘটনায় ভেড়ামারা থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ছেলে উজ্জ্বল আলী।
.png)
জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে বিলশুকা গ্রামের মাঠে নিজের গমক্ষেতে যান দানেজ আলী। এ সময় পূর্বশত্রুতার জেরে জিয়াউল ইসলাম জিয়া, রবিউল, আছান, সাগর, শিমুল, লিপন, শাহীন, শ্যামল, সুজনসহ আরো কয়েকজন রামদা, হাসুয়া, লাঠিসোঁটা, হাতুড়ি দিয়ে দানেজকে কুপিয়ে ও মারধর করে পালিয়ে যান।
এতে গুরুতর আহত হন দানেজ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শনিবার সকালে তিনি মারা যান।
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, দুই মাস আগে প্রতিপক্ষের লোকজন আমাদের পুকুরে মাছ লুটপাট করতে আসেছিল। বাধা দেওয়ায় সে সময়ও তারা আমাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছিল। এবার মাঠে আমার বাবাকে একা পেয়ে হত্যা করল।
ভেড়ামারা থানার এসআই পার্থ বলেন, এ ঘটনায় মামলা করেছেন নিহতের ছেলে উজ্জ্বল। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রকাশ রায় বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।