আদমদীঘিতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘির ছাতিয়ান গ্রাম ইউপিতে মেম্বার পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কোমারপুর চারমাথা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে উভয়পক্ষের দেলোয়ার হোসেন (৬০), মাসুম (২৪), লিটন (৩০), হাসান (২৪) ও সজিবকে (২২) আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
সোমবার সকালে গুরুতর দেলোয়ার হোসেন, তার ছেলে উজ্জল হোসেন (৩২). নিরব (২২) ও ভাই রফিকুল ইসলামকেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রোববার সকাল থেকেই সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে নানা ভাবে তর্কবিতর্ক চলে। ঐ দিন সন্ধ্যায় কোমারপুর চারমাথা নামক স্থানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে আবারো কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়। এর জের ধরে সোমবার সকালে সজিব নামের আরো এক জনকে মারপিট করা হয়।
ওসি জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।