ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের চালু সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, উচ্ছ্বসিত প্রবাসীরা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২৩ ডিসেম্বর ২০২১
ফের চালু সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, উচ্ছ্বসিত প্রবাসীরা
ফাইল ছবি

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট প্রায় ২ বছর পর ফের চালু হচ্ছে। দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় ২৫ ডিসেম্বর থেকে আবার সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আলম।

সিলেট থেকে ম্যানচেস্টারের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর খবরে উচ্ছ্বসিত যুক্তরাজ্য প্রবাসী সিলেটিরা। সিলেটে অবস্থানরত যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের বাসিন্দারা ফিরতি যাত্রার বিমানের টিকিটের জন্য বিভিন্ন ট্রাভেলস এজেন্সিতে যোগাযোগ করছেন। যুক্তরাজ্যের যে কয়েকটি শহরে সিলেটের প্রবাসীরা বেশি বসবাস করেন তার মধ্যে অন্যতম ম্যানচেস্টার।

Advertisement

প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান এয়ারলাইনস সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু করেছিল। সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে বিমানের সর্বশেষ ফ্লাইট ছেড়ে যায় গত বছরের ২৯ মার্চ। এরপর উভয় দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ হয়ে যায় ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সত্তার জানান, ২৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় বিমানের বিজি ২০৭ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে দুপুর ১টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর সিলেটের যাত্রীদের নিয়ে বেলা সোয়া ২টায় রওনা হবে ম্যানচেস্টারের উদ্দেশ্যে।

আরো পড়ুন: মেশিনে পেঁচিয়ে গেল চাদর, দেহ থেকে বিচ্ছিন্ন হলো মাথা

তিনি আরও বলেন, ফ্লাইটি ম্যানচেস্টার পৌঁছানোর কথা রয়েছে স্থানীয় সময় রাত ৮টায়। পরদিন ফিরতি ফ্লাইট বিজি ২০৮ ম্যানচেস্টার থেকে স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ২৭ ডিসেম্বর দুপুর ১২টায়। সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে দুপুর পৌনে ২টায়।

সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট চালু হওয়াতে খুশি বাংলাদেশি বংশদ্ভূত ম্যানচেস্টারের বাসিন্দা জুবায়ের আহমদ রাজু। তিনি জানান, আগে আমাকে সিলেট থেকে হিত্রো এয়ারপোর্ট হয়ে তারপর ম্যানচেস্টারে আসতে হতো। এতে সময় ও অর্থ দুটোই খরচ করতে হতো। এবার এই ফ্লাইট চালুর ফলে আমরা সরাসরি আমাদের শহরে যেতে পারব।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আলম বলেন, বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইটটি পরিচালিত হবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত সপ্তাহে এ রুটে আসা যাওয়ায় দুটি করে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রোববার দুটি করে ফ্লাইট চলবে। আর সোম ও শুক্রবার ফিরতি ফ্লাইট আসবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!