প্রথমবার ভোট দিলেন ৮২ বছর বয়সী আব্দুল গফুর
বয়স ৮২ বছর। এবারই প্রথম ভোট দিলেন আব্দুল গফুর। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে। রোববার সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ক্ষিদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়ে বেরিয়ে আব্দুল গফুর বলেন, আমি আনসার কমান্ডার। স্বাধীনতার পর থেকে সব নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই ভোট দেওয়া হয়নি। এবার অসুস্থতার কারণে দায়িত্ব না নেওয়ায় বাড়িতে আছি। তাই ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।
একই কেন্দ্রে নাতির সঙ্গে ভোট দিতে আসেন ৮০ বছর বয়সী কদভান বেগম। তিনি বলেন, আমি অসুস্থ। তাই নাতির সঙ্গে ভোট দিতে এসেছি। আর ভোট দিতে আসতে পারবো কি-না জানি না। এটাই হয়তো শেষ ভোট।
.png)
সিংড়া উপজেলার মোট ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। মোট ১১৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মোট ভোটার এক হাজার ৯১৩ জন। ভোট গ্রহণের দুই ঘণ্টা পরে ১৯৮ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানান এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হক।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে নারী ভোটারের উপস্থিতি বেশি। ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন।
১১৯টি ভোটকেন্দ্রে ১১৯ জন প্রিজাইডিং অফিসার, ৭৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার ৫৬৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৪০ জন এবং মেম্বার পদে ৪০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল এবং ইটালী ইউনিয়নে আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিভিন্ন ইউনিয়নে পাঁচজন মেম্বার প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।