মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত গোলাম রাব্বানী
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে আরো তিনজন আহত হয়েছেন।
রাব্বানী দাবী করেছেন- জাল ভোট ঠেকাতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন।
.png)
তিনি জানান, তার মামা সালাহ উদ্দিন আহমেদ ঈশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন। ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ মোল্লার লোকজন। ঐ সময় বাধা দিলে মোশারফ মোল্লার ছেলে সোহেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ধাওয়া পাল্টা-ধাওয়ায় রাব্বানীসহ উভয় পক্ষের চারজন আহত হন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কেন্দ্রের ভেতর তেমন কিছু হয়নি। বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
রাজৈর থানার ওসি শেখ মো. সাদিক বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। আমি এখনো রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।