বগুড়ায় প্রতিপক্ষের মারধরে প্রাণ গেল বৃদ্ধের
বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে হাফিজার রহমান নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার সকালে উপজেলার হটিয়ারপাড়া গ্রামে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।
নিহত হাফিজার উপজেলার ছোটচাপড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ তথ্য নিশ্চিত করেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা।
.png)
জানা গেছে, হাফিজার রহমানের সঙ্গে হটিয়ারপাড়া গ্রামের শাহিনুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। প্রায় ১৯ বছর ধরে উভয় পক্ষেরই জমি সংক্রান্ত পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন ছিল। কিন্তু সম্প্রতি আদালতের রায়ে ওই জমির মালিকানা পান হাফিজার রহমান। এমন অবস্থায় দেশীয় অস্ত্রসহ (লাঠিসোটা) লোকজন সঙ্গে নিয়ে শনিবার সকালে ঐ জমি দখল নিতে যান শাহিনুর। খবর পেয়ে তাদের বাধা দিতে ঘটনাস্থলে যান হাফিজুর। তিনি (হাফিজুর) চান মিয়া নামে এক কৃষককে সঙ্গে নিয়ে সেখানে যান। জমি দখলে বাধা দিতে গেলে হাফিজার ও চান মিয়াকে লাঠিসোটা দিয়ে মারধর করেন শাহিনুর ও তার লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে হাফিজারের অবস্থার অবনতি হতে থাকলে শনিবার সন্ধ্যায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান হাফিজার।
ওসি কৃপা সিন্ধুবালা জানান, হাফিজারের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার জমা দেয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।