চট্রলা এক্সপ্রেস ট্রেন থেকে ৪ নারী চোর আটক
ঢাকা-চট্রগ্রাম রেলপথে চলন্ত ট্রেন থেকে ৪ নারী চোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সেলিনা আক্তার, আলেমা আক্তার, ময়না বেগম ও জোসনা বেগম। তারা হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল চারনাও গ্রামের বাসিন্দা এবং পরস্পর আত্মীয়।
জানা গেছে, দুপুরে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে কৌশলে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে যাত্রীরা। পরে ওই চার নারীকে আখাউড়া রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
.png)
ভুক্তভোগী যাত্রীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন থেকে মো. রাকিবুল হাসান তার মাকে নিয়ে চট্টলা এক্সপ্রেসে ওঠেন। ঐ সময় ৫-৬ জন নারী সংঘবদ্ধ হয়ে তাদের চারপাশে ভিড় সৃষ্টি করে। এক পর্যায়ে রাকিবুলের মা নাসিমা আক্তারের গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে নেয়ার চেষ্টা করে। ঐ সময় তিনি চিৎকার করলে একই কোচে থাকা অন্য যাত্রীদের সহযোগিতায় চক্রটির ৪ নারী সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতি দিলে তাদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, আটককৃতরা ট্রেনে চুরি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চলন্ত ট্রেনে যাত্রীদের মালামাল চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণের চেইন উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।