জানা গেল সন্তানদের বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা চেষ্টার আসল রহস্য
ঠাকুরগাঁওয়ে লিজা আক্তার (৩০) নামে এক গৃহবধূ দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। নিজের জীবনের অনিশ্চয়তা ও হতাশা থেকে ওই নারী এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
সোমবার দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
তাদের সবাইকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু দুটির নাম আজান (২) ও শাফা (৩)। এদের মধ্যে শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. শাহিন ইসলাম।
.png)
লিজার বাবা লিয়াকত জানান, তিনি দুপুরে বাড়ি থেকে রুহিয়া থানা শহরে যাওয়ার পথে ফোনে জানতে পারেন তার মেয়ে বিষপান করে নিজের সন্তানদের বিষ খাইয়েছে।
তিনি জানান, তার মেয়ে লিজা মানসিক রোগী। প্রায় ৫ বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোখোয়া গ্রামের সফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দিয়েছিলেন তার মেয়েকে। বিয়ের পর স্বামীর সঙ্গে ছেলেমেয়ে নিয়ে ঢাকায় থাকতেন। ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন সবাই।
রোববার সন্ধ্যায় লিজা ও তার সন্তানদের শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে রেখে যান সফিকুল।
লিজার স্বামী সফিকুল ইসলাম ঢাকা হযরত শাহজালাল (র.) বিমানবন্দরের একজন কর্মী। সফিকুলের বোন রুমি আক্তার জানান, তার ভাবি বিয়ের আগেও একবার বিষপান করেছিল। তবে সেই যাত্রায় বেঁচে যায়। কিন্তু এবার কী হবে এ নিয়ে পরিবার দুশ্চিন্তায় আছে!
লিজার মামাতো ভাই রাজু বলেন, দুলাভাই কিছু দিনের জন্য রেখে গেছেন শীতের পিঠা পুলি খেতে। সময় হলে তাদের নিয়ে যাবেন। তবে কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না।
হাসপাতালে লিজার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার কথা বলার মতো অবস্থা ছিল না।
মা ও দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগে কর্মরত ডাক্তার শাহিন ইসলাম।
রুহিয়া থানার ওসি বলেন, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত শেষে আসল কারণ জানা যাবে।