ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউপি নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিথর হলেন বৃদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩২, ৩১ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিথর হলেন বৃদ্ধ
স্বজনদের আহাজারি

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান মণ্ডল নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। নিহত হারান মণ্ডল কৃত্তিনগর আবাসনের প্রয়াত আলীমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারের আধিপত্য নিতে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যায় কাতলাগাড়ী বাজারে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কৃত্তিনগর গ্রামের হারান মণ্ডল, ইয়ারোদ্দিন, আব্দুল লতিফ, রজব আলী ও রবিউল গুরুতর আহত হন। হাসপাতালে নিলে হারানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নৌকার প্রার্থী মামুন অভিযোগ করে জানান, আনারস মার্কার প্রার্থী টিপুর সমর্থকরা তার অফিসে হামলা চালিয়ে কর্মী-সমর্থকদের গুরুতর জখম করে। পরে হারান নামে তার এক সমর্থক নিহত হন। এ ব্যাপারে টিপুর সঙ্গে যোগাযোগ করলেও সাড়া মেলেনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শৈলকূপার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!