ডুমুরিয়া ও পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে ইট পোড়ার জন্য বিপুল পরিমাণ কাঠ সংগ্রহ করে ভাটা চত্বরে জড়ো করে রাখা হয়েছে। বন উজাড় করে অসাধু এসব ব্যবসায়ী অব্যাহত রেখেছে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা।
স্থানীয়রা জানায়, পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার বাসিন্দা অতুল পাল বৈধ কাগজপত্র ছাড়াই ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের তালতলা নদীর চর এলাকায় এ ইটভাটা গড়ে তুলেছেন। অবৈধ এ ইটের ভাটায় কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় ওই এলাকার জনবসতি-পরিবেশ রয়েছে হুমকির মুখে। মরে যাচ্ছে গাছপালা। মানুষ আক্রান্ত হচ্ছে সর্দি-কাশি-শ্বাসকষ্টসহ নানা রোগে।
.png)
মাগুরখালী ইউনিয়নের মেম্বার সঞ্চয় সানা বলেন, বেআইনিভাবে পাইকগাছার অতুল পাল ডুমুরিয়ায় এসে নদীর চর ভরাটি সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে। এতে লোকালয়ের মানুষ রয়েছে চরম স্বাস্থ্যঝুঁকিতে। আমরা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
ভাটামালিক অতুল পাল জানান, জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে ইটভাটা চালাচ্ছেন। লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকার কথাও স্বীকার করেছেন তিনি।
ডুমুরিয়ার ইউএনও মো. আবদুল ওয়াদুদ জানান, সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।