স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, পিসিআর ল্যাব স্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে চট্টগ্রাম থেকেই পিসিআর পরীক্ষার সনদ নিয়ে যাত্রীরা বিদেশ যেতে পারবেন। সোমবার থেকে ল্যাবের কার্যক্রম শুরু হবে।
এর আগে, গত ১৮ ডিসেম্বর ল্যাব স্থাপনের কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ২৯ ডিসেম্বর ল্যাবটি পরীক্ষামূলকভাবে চালুর জন্য প্রস্তুত হয়।
.png)
জানা গেছে, বিমানবন্দরে দ্রুততম সময়ে এ করোনা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬০০ টাকা, যা পরিশোধ করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে কোনো ফি আদায় করা হবে না। এছাড়া পরীক্ষার জন্য যাত্রীকে পাসপোর্ট, টিকিট, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সনদ ও ভিসার ফটোকপি নিয়ে যাত্রার ন্যূনতম ছয় ঘন্টা আগে চট্টগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে ল্যাবে স্যাম্পল দিতে হবে।
১৬ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের (সংযুক্ত আরব আমিরাত) করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের উদ্দেশে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ল্যাব স্থাপনে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যাচাই-বাছাই করে একটি খসড়া তালিকা তৈরি করা হয়। মোট ১৭ প্রতিষ্ঠানের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে তালিকাটি তৈরি করা হয়। ওই তালিকা অনুযায়ী শাহ আমানতে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চারটি প্রতিষ্ঠানকে চিঠি দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। এরপর নির্ধারিত স্থানে ল্যাব স্থাপনের কাজ শুরু করে তারা।