শরীয়তপুরে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ ‘উষ্ণতা’
‘আপনার অপ্রয়োজনীয়, হতে পারে অন্য কারও প্রয়োজনীয়। তাই এখানে অপ্রয়োজনীয় পোশাকটি রেখে যান’ এমন স্লোগান দেয়ালে সাঁটিয়ে শীতার্তদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘উষ্ণতা’।
শরীয়তপুর আদালত সংলগ্ন মডেল মসজিদের সামনের শরীয়তপুর-ঢাকা সড়কের পাশের একটি দেয়ালকে বানানো হয়েছে ‘উষ্ণতা, মানবতার দেয়াল’। এ মানবতার দেয়াল পরিচালনায় রয়েছে বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর।
সোমবার সকালে দেয়ালে ঝোলানো হ্যাঙ্গারে কিছু শীতের পোশাক রেখে এ উদ্যোগ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় শরীয়তপুর সদরের ইউএনও মনদীপ ঘরাইসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
সরেজমিনে দেখা গেছে, দেয়ালটিতে লেখার পাশে হ্যাঙ্গার ঝোলানো আছে। বাড়িতে থাকা অতিরিক্ত ও অপ্রয়োজনীয় গরম কাপড় এখানে রেখে যাবেন স্থানীয়রা। অসহায় শীতার্তরা তাদের প্রয়োজন ও পছন্দমতো কাপড় এখান থেকে নিয়ে যাবেন।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, শীত কারো জন্য আশীর্বাদ আবার কারো জন্য কষ্টের। অনেকে কম্বল আর নকশিকাঁথা গায়ে দিয়ে পরম সুখে ঘুমিয়ে থাকে। অন্যদিকে দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীত নিবারণ করতে পারে না। এ কারণেই ‘উষ্ণতা’র উদ্যোগ নেয়া হয়েছে। এ মানবতার দেয়ালে আপনারা অব্যবহৃত পোশাক রেখে যেতে পারবেন। সেই পোশাক নিয়ে যাবে সুবিধা বঞ্চিতরা, পাবে উষ্ণতা। এ উদ্যোগে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।