১৯ গাড়ি নিয়ে মেঘনার ডুবোচরে আটকা পড়ল ফেরি
ভোলা থেকে লক্ষ্মীপুর আসার পথে ১৯টি মালবাহী গাড়ি নিয়ে মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে ফেরি কৃষাণী। মঙ্গলবার ভোর ৪টার দিকে জোয়ার এলেও ফেরিটি চর থেকে নামেনি।
এর আগে, সোমবার ভোর ৪টার দিকে ছোটবড় ১৯টি যানবাহন নিয়ে ফেরিটি আটকা পড়ে। দিনভর বিভিন্নভাবে চেষ্টা করেও সেটি নিচে নামানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-ভোলা নৌরুটের মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু।
এদিকে, লক্ষ্মীপুর-ভোলা নৌরুটের রহমতখালী চ্যানেলে নাব্য রোধে ৫৪ কোটি টাকা বরাদ্দে ড্রেজিং প্রকল্প চালু রয়েছে। কিন্তু তা কোনো কাজে আসছে না। এ রুটে নাব্য সংকট থাকায় ফেরি, লঞ্চ ও নৌযান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
.png)
ফেরি কর্তৃপক্ষ জানায়, রাত ১টার দিকে ১৯টি পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপ নিয়ে ভোলার ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটের উদ্দেশ্য ছেড়ে আসে ‘কৃষাণী’। এর মধ্যে দুটি সবজিবাহী ট্রাক রয়েছে। ভোর ৪টার দিকে ঘন কুয়াশায় ফেরিটি মজুচৌধুরীর হাটের প্রায় আধা কিলোমিটার পশ্চিমে রহমতখালী চ্যানেলের মুখে আটকা পড়ে।
আটকেপড়া ফেরির মাস্টার কার্তিক চন্দ্র দাস বলেন, ভোর থেকে ফেরিটি ডুবোচরে আটকে রয়েছে। উদ্ধারের জন্য ফেরি কুসুমকলি দিয়ে চেষ্টা চালিয়েও সম্ভব হয়নি। এখনো জোয়ারের অপেক্ষায় রয়েছি। জোয়ার এলে ফেরিটি নামানো সম্ভব হবে।
মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, বিকেল ৪টার দিকে জোয়ারের সময় ফেরিটি নামানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সম্ভব হয়নি।