ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের ফাঁদে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৮, ৫ জানুয়ারি ২০২২
প্রেমের ফাঁদে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেফতার
রংপুর কোতোয়ালি থানা। ফাইল ছবি

প্রথমে প্রেম, পরে ঘনিষ্ঠতা। এরপর ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি ধারণ করে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। রংপুরে একটি সংঘবদ্ধ চক্র ঘটিয়েছে এমন ঘটনা। ওই চক্রের সঙ্গে জড়িত থাকার ঘটনায় এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত রোববার (২ জানুয়ারি) রাতে ওই চক্রের মূল হোতা অনিক-আসমানী দম্পতিকে গ্রেফতার করে র‌্যাব।  

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।

Advertisement

তিনি জানান, সাধারণ মানুষদের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় মঙ্গলবার বিকেলে রংপুর নগরের ঠিকাদার পাড়া বীকন মোড় এলাকার একটি বাসা থেকে কানিজ ফাতিমা আনিসা (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর স্বামী হাবিবুর রহমান রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত।

এর আগে গত রোববার প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়াসহ টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকার নিজ বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী আসমানী আক্তারকে (২৪) গ্রেফতার করে র‌্যাব।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার ওই দম্পতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাদের চক্রে জড়িত থাকা কানিজ ফাতিমা আনিসার নাম উঠে আসে। বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে বীকন মোড় এলাকার একটি বাসা থেকে কানিজ ফাতিমা আনিসাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!