ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর ভোট দিতে এসে যুবক কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ার সদরে ইউপি নির্বাচনে প্রবাসীর ভোট দেওয়ার সময় এক যুবককে আটক করে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাকে আটক করে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত মো. বাদশা সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নেরর চানপুন এলাকার আব্দুর রহিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, আজ সাকালে উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিপন সরকার নামে এক ব্যক্তি প্রবাসে থাকা ভোটারের ভোট দিতে বাদশা নামে এক যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় ভোট কেন্দ্রে ভোট দেওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের জন্য বাদশা ব্যালট পেপার সংগ্রহ করার অপরাধে তাকে আটক করা হয়।
.png)
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় মো. বাদশাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরো জানান, ইউনিয়ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।