বুধবার বিকেলে রংপুর মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার ফাতেমা খাতুন তানিশা রংপুর জেলা পুলিশ হাসপাতালে কর্মরত পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী। তার গ্রামের বাড়ি বগুড়ার চেলোপাড়া।
.png)
আরো পড়ুন: প্রেমের ফাঁদে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেফতার
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের ইন্সপেক্টর নাজমুল কাদের। তিনি জানান, বিকেল ৪টার দিকে আসামি ফাতেমা খাতুন তানিশাকে আদালতে তোলা হয়। এ সময় তানিশার আইনজীবী জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগামী ১২ জানুয়ারি জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেন বিচারক। পরে আদালত থেকে আসামি তানিশাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরের কলেজ রোড বীকন মোড় এলাকার একটি ছয়তলা ভবন থেকে ফাতেমা খাতুন তানিশাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তানিশা ঐ ভবনের তৃতীয় তলায় ভাড়ায় থাকতেন। সম্প্রতি রংপুর এক্সপ্রেসের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম তার বিরুদ্ধে প্রতারণার একটি অভিযোগ করেন। ঐ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।
আরো পড়ুন: স্ত্রী হত্যা মামলায় জামিন মেলেনি বাবুল আক্তারের
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, রংপুর এক্সপ্রেসের ব্যবস্থাপক আশরাফুল ইসলামের করা মামলায় তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী অভিযোগ করেছেন, প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি ধারণ করে প্রতারণার মাধ্যমে তানিশা তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিশা এই চক্রের বেশ কিছু হোতা ও সদস্যদের তথ্য দিয়েছে। সেসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।