গণকবরের স্মৃতিফলক ফেলে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ বিএসএফের
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আখাউড়া সীমান্তে থাকা গণকবরের (সেনারবাদী-বধ্যভূমি) স্মৃতিফলক সাইনবোর্ড খুলে ছুড়ে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার বিকালে বিজিবি ৬০ আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার মো. ফরিদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএসএফ ভুলবশত সাইনবোর্ডটি কোনো বিজ্ঞাপন মনে করে ছুড়ে ফেলেন। ঘটনার পর বিজিবির মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রাতেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা হয়। পরে বিজিবি কর্তৃপক্ষের কাছে বিষয়টির জন্যে দুঃখ প্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করেন বিএসএফ।
.png)
বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্ট কর্তৃপক্ষের নির্দেশে শহিদদের গণকবরের স্মৃতিফলকের সাইনবোর্ডটি ১২ ঘণ্টার ব্যবধানে দ্রুত পুনস্থাপন করা হয়।
আখাউড়া সীমান্তে একাত্তরের আড়াইশ শহিদ বীর মুক্তিযোদ্ধার গণকবরের (সেনারবাদী-বধ্যভূমি) স্মৃতিফলকের সাইনবোর্ডটি দ্রুত সময়ের মধ্যে পুনস্থাপন করায় এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা স্বস্তি প্রকাশ করেন।
এর আগে, বুধবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তের ‘২০২১/আই-এস’ সীমান্ত পিলারের প্রায় ২০ গজ দক্ষিণে সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী গ্রামের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা দক্ষিণ রামনগর সীমান্তের নোম্যান্সল্যান্ডে (সীমান্তের শূন্যরেখায়) একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদের গণকবরটির অবস্থান।