পানি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, সালিশে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
সাতক্ষীরার শ্যামনগরে খালের পানি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব নিরসনে সালিশে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হাটখোলায় এ ঘটনা ঘটে। নিহত ৬০ বছর বয়সী রহমত মল্লিক মধুসুদনপুর গ্রামের দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে।
ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল। এজন্য দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য সালিশ ডাকা হয়। কিন্তু সালিশে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে বেশ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহমত মল্লিক মারা যান।
.png)
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহত রহমত মল্লিকের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরায় গাড়ি ধোয়ার সময় পেছনের চাকায় পিস্ট হয়ে ঈগল পরিবহনের হেলপার তানভীর হোসেন নিহত হয়েছেন। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে ঈগল পরিবহন কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন খুলনার সোনাডাঙা থানার হাফিজনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
ঈগল পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম জানান, সকালে গাড়িটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন হেলপার তানভীর। পেছনের চাকা ধোঁয়ার সময় চালক রতন সানা গাড়িটি নিউট্রাল করতে পেছন দিকে চালালে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তানভীর।