দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়লে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকার ঘাটের উভয় পাড়ে শত শত যানবাহন আটকা পড়েছে।
রাজবাড়ী ট্রাফিক বিভাগ জানায়, গত কয়েকদিন ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে ফেরিঘাটে সেভাবে ভোগান্তি সৃষ্টি হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক যানবাহন।
.png)
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।